ব্যুরো নিউজ , ৩০ আগস্ট ২০২৬: পুরুলিয়া জেলার আদ্রা স্টেশনে এক ভয়াবহ লিফট বিভ্রাটে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে পড়লেন শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ৭টা নাগাদ আদ্রা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফটটি আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে থেমে যায়। এর ফলে লিফটের ভিতরে থাকা যাত্রীরা দমবন্ধ পরিস্থিতিতে পড়েন এবং তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল প্রশাসনের আধিকারিক এবং আদ্রা আরপিএফের জওয়ানরা। আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়।
রেলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার-সহ অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। এই কঠিন পরিস্থিতিতে রেল প্রশাসন ও আরপিএফের পক্ষ থেকে লিফটের ভিতরে আটকে থাকা যাত্রীদের কাছে জলের বোতল ও বিস্কুট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, যা তাঁদের কিছুটা স্বস্তি দেয়। রেলের ইঞ্জিনিয়ার ও আরপিএফ জওয়ানদের দীর্ঘ প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে লিফটের দরজা খোলা সম্ভব হয় এবং আটকে থাকা সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এক যাত্রী ঝর্ণা দাস জানান, “সকাল সাতটা থেকে আটকে ছিলাম, প্রায় পৌনে দশটা বাজে। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল, পরে জল পেয়ে একটু ঠিক হয়।” এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত লিফট পরিষেবায় এমন দীর্ঘস্থায়ী যান্ত্রিক ত্রুটি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।








