ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ ‘অর্ণব’ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে হলেও, এর প্রভাবে বুধ থেকে শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মৎস্যজীবীদের সোমবার সন্ধ্যার মধ্যেই গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ২৫শে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা উপকূলের জেলাগুলিতে, বিশেষত পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।








