কেরলে মুসলিম ধর্মগুরুর নারী-বিরোধী মন্তব্যে তীব্র বিতর্ক, পালটা জবাব শ্রমমন্ত্রীর

কেরলের মুসলিম ধর্মগুরু আবু বকর মুসলিয়ারের নারী-বিরোধী মন্তব্যে তীব্র বিতর্ক। শ্রমমন্ত্রী বিন্দু কৃষ্ণ বললেন, এটি মহিলাদের কয়েক শতাব্দী পিছিয়ে দেওয়ার চেষ্টা।

Share:

ব্যুরো নিউজ, ৩১ আগস্ট ২০২৬:  মুসলিম ধর্মগুরু শেখ আবু বকর আহমদ ওরফে কান্থাপুরম এপি আবু বকর মুসলিয়ারের একটি মন্তব্য ঘিরে কেরলজুড়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। তাঁর নারী-বিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী বিন্দু কৃষ্ণ। মন্ত্রীর দাবি, এই ধরনের মন্তব্য মহিলাদের কয়েক শতাব্দী পিছিয়ে দেওয়ার শামিল।

কোচিতে আয়োজিত হুব্বুল রসুল সম্মেলনে যোগ দিয়ে আবু বকর মুসলিয়ার বলেন, “মহিলাদের ঘরেই বন্দি রাখা উচিত। জনসমক্ষে তাঁদের আসার কোনও প্রয়োজন নেই। পবিত্র কোরানেও এমনই নির্দেশ দেওয়া হয়েছে।” তাঁর এই মন্তব্যের পরই দ্রুত বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। বিভিন্ন মহল থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রমমন্ত্রী বিন্দু কৃষ্ণ বলেন, “ভারতের সংবিধান নারী ও পুরুষের সমানাধিকারের নিশ্চয়তা দেয়। প্রত্যেক মানুষের স্বাধীন ও মুক্ত জীবনযাপনের অধিকার রয়েছে।

অথচ এই ধরনের মন্তব্য নারীদের বহু শতাব্দী পিছিয়ে দেয়। আমরা এমন কথা কোনওভাবেই মেনে নিতে পারি না।” তিনি আরও যোগ করেন, “আমাদের রাজ্যের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করেন, তাঁরা সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে এগিয়ে চলেছেন। তাই এই ধরনের পশ্চাদমুখী মন্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” আবু বকরের এই মন্তব্য নারী অধিকার কর্মী এবং প্রগতিশীল মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনা কেরলের সামাজিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।