ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর ২০২৬: তরফে প্রকাশিত জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বিরোধীদের ‘দিমাগি নকশাল’ এবং ‘নারাজ ফুফা’ বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী তাঁর এই ভাষণকে ২০১৩ সাল থেকে নিজের ‘রিপোর্ট কার্ড’ হিসেবে উল্লেখ করে বলেন, “মিথ্যার গুঞ্জন কখনও সত্যের গর্জনের কাছে টিকতে পারে না।”
সম্প্রতি ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির দাবি করেছে কেন্দ্র, যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ। তাঁর অভিযোগ, জিডিপি হিসাবের ক্ষেত্রে ভিত্তিবর্ষ পরিবর্তনের কারণে এই বৃদ্ধি বাস্তব নয়। বিরোধীরাও এই পরিসংখ্যানকে ‘জল মেশানো’ বলে দাবি করেছে। এই প্রসঙ্গে মোদি বলেন, “যারা ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’-এ ঠেলে দিয়েছিল, তারাই আজ এই পরিসংখ্যান হজম করতে পারছে না।”
প্রধানমন্ত্রী আরও জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যা দেশের জিডিপি প্রমাণ করেছে। ২০১৩ সালের পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময় টাকার দর ভয়াবহভাবে পড়েছিল। বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং স্থিতিশীলতার উপর জোর দিয়ে মোদি বিরোধীদের সমালোচনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।








