ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর ২০২৬: হরিয়ানা সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্যের সাফাই কর্মীরা এবার সরকারি চাকরির সুবিধা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ঘোষণা করেছেন যে, পৌর এলাকায় নিযুক্ত সাফাই কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাঁদের সরকারি চাকুরীজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এর ফলে তাঁরা সরকারি কর্মীদের মতোই বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বর্তমানে হরিয়ানার বিভিন্ন পৌরসভায় ১৩,০৯৩ জন স্থায়ী সাফাই কর্মী কাজ করছেন, যাঁরা মাসিক ২০,৫৯০ টাকা বেতন পান। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে, এই কর্মীরা হরিয়ানা চুক্তিভিত্তিক কর্মচারী আইন ২০২৪-এর আওতায় আসবেন এবং তাঁদের বেতন ও সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সরকারের প্রস্তাব অনুযায়ী, সাফাই কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত নির্বিঘ্নে চাকরি করতে পারবেন। তাঁদের কাজের ঝুঁকির কথা বিবেচনা করে প্রতি মাসে ২,০০০ টাকা ‘রিস্ক অ্যালয়েন্স’ বা ঝুঁকি ভাতা দেওয়া হবে। এছাড়াও, ২০২৪ সালের আইন অনুযায়ী, তাঁরা অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত ১৫ শতাংশ সুযোগ-সুবিধা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব সাফাই কর্মী একটানা ১০ বছর কাজ করবেন, তাঁদের মাসিক বেতন বেড়ে ২৫,৫৬০ টাকা হবে, যা প্রায় ৫,০০০ টাকা বৃদ্ধি। হরিয়ানা সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ১৩ হাজারেরও বেশি সাফাই কর্মী আনন্দে আত্মহারা। এই পদক্ষেপ তাঁদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।








