প্রতিবন্ধী ভাতার দুর্নীতিতে তৃণমূল নেতার নাম, দ্রুত তদন্তের নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তৃণমূল নেতা আশিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্ট দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল।

Share:

ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যে পালাবদলের পর পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল। কাঠগড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য আশিকুল ইসলাম। তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি করে।

আদালত স্পষ্ট জানিয়েছে, সমস্ত নথি ও বক্তব্য পর্যালোচনা করে আবেদনকারীর তোলা অভিযোগগুলি আপাতত উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, তাই আদালত পুলিশকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। আইনজীবী ওমর ফারুক গাজী জানান, প্রকৃত প্রতিবন্ধী ও যোগ্য ব্যক্তিদের জন্য বরাদ্দ সরকারি অর্থ বেআইনিভাবে এমন ব্যক্তিদের মধ্যে বিলি করা হয়েছে, যাঁদের ওই ভাতা পাওয়ার আইনগত অধিকার নেই।

বিশেষভাবে সক্ষমদের পাশে থাকতে সরকারের তরফে আর্থিক সাহায্য করা হয়, যা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছয়। এই ভাতা পাওয়ার জন্য কমপক্ষে ৪০ শতাংশ বা তার বেশি শারীরিক অক্ষমতার রিপোর্ট এবং অন্তত ১০ বছর এরাজ্যের বাসিন্দা হওয়ার শর্ত রয়েছে। এই গুরুতর অভিযোগের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।