বরানগরের ‘বেবি গণেশ’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মন কাড়ছে লাল টুকটুকে গাল ও মিষ্টি হাসি

বরানগরের ‘হাওয়া সকাল’ ক্লাবের ‘বেবি গণেশ’ মূর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাল টুকটুকে গাল ও মিষ্টি হাসিতে মন কাড়ছে এই কিউট গণেশ। দেখুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৬: কলকাতার বরানগরে এক মিষ্টি গণেশ মূর্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। লাল টুকটুকে গাল, গোল গোল চোখ আর দুষ্টু-মিষ্টি হাসিতে ভরা এই ‘বেবি গণেশ’ ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করেছে। বরানগর কেশব চন্দ্র কলেজের পাশেই ‘হাওয়া সকাল’ ক্লাব এই পুজোর আয়োজন করেছে, যেখানে গণেশ চতুর্থীর অনেক আগে থেকেই এই কিউট প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। মণ্ডপের চাকচিক্য তেমন না থাকলেও, ‘হাওয়া সকাল’ ক্লাবের এই ‘বেবি গণেশ’ই মূল আকর্ষণ হয়ে উঠেছে।

গত বছর তাঁদের প্রতিমা ছিল ‘বাল গণপতি’। কলকাতার বিখ্যাত মৃতশিল্পী পরিমল পালের হাতেই এবার গড়ে উঠেছে এই ‘বেবি গণেশ’।

এই বছর ‘হাওয়া সকাল’এর পুজো ১৫ বছরে পা দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু এই বছর নয়, প্রতি বছরই তাঁরা শিশু বা পুতুলের মতো গণেশ প্রতিমা তৈরি করেন। তাঁদের কথায়, “ভগবান নানা রূপেই আমাদের কাছে ধরা দেন। তাই এখানে আমরা বাপ্পার বাল্য রূপ ফুটিয়ে তুলেছি।” স্থানীয়রা বলছেন, ‘হাওয়া সকাল’ ক্লাব প্রতি বছরই প্রতিমা তৈরিতে চমক দেয় এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই অভিনব এবং মনকাড়া ‘বেবি গণেশ’ দেখতে শুধু বরানগর নয়, আশেপাশের এলাকা থেকেও মানুষজন আসছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এর জনপ্রিয়তা আরও বেড়েছে। এই মিষ্টি প্রতিমা উৎসবের মরসুমে এক অন্যরকম আনন্দ নিয়ে এসেছে।