ব্যুরো নিউজ,২০শে নভেম্বর ২০২৬ : গত বছরের অগস্ট থেকে… ক্রিকেটটা যেন থমকে গিয়েছিল তাঁর জন্য। একের পর এক ম্যাচ, একের পর এক সিরিজ, আর তিনি? শুধুই দর্শক। চোটের যন্ত্রণা, রিহ্যাবের একঘেয়ে দিন, আর মনের ভিতর জমতে থাকা একটাই প্রশ্ন — “আবার কি ফিরতে পারব?”
ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট, ওয়েলিংটন। দ্বিতীয় দিনের শেষে স্কোরবোর্ড বলছে, আকাশদীপের শিকার ৫৩ রানে ৩ উইকেট। কিন্তু শুধু সংখ্যাটা দেখলে ভুল হবে। এই তিনটে উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া উইকেট।
রচিন রবীন্দ্রকে ফেরালেন। এরপর বিপজ্জনক জুটি ভাঙলেন। গ্লেন ফিলিপসকে আউট করে হেনরি নিকোলসের সঙ্গে ২১৬ রানের জুটি ভাঙলেন আকাশ। নিউ জিল্যান্ড বড় স্কোরের দিকে এগোচ্ছিল, তখনই বাংলার এই জোরে বোলারের একটি বলে সব হিসাব উল্টে গেল।
খেলা শেষে সংবাদমাধ্যমের সামনে এসে আকাশ যখন কথা বলছিলেন, তখন তাঁর চোখে-মুখে ছিল ফিরে আসার তৃপ্তি। তিনি জানালেন, এই লড়াইটা একা লড়তে হয়নি তাঁকে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যখন রিহ্যাব চলছিল, তখন নিয়মিত তাঁর খোঁজ নিতেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
ফোন করে জিজ্ঞেস করতেন, “কেমন আছো আকাশ?” চোট সারিয়ে ফেরার কষ্ট তিনি নিজেও জানেন। তাই নিয়মিত খোঁজ নেওয়া ও উৎসাহ দেওয়া — এতেই আকাশের মনে হতো না যে তিনি দল থেকে দূরে সরে গেছেন। কোচের এই ভরসাই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।
আকাশ বলছেন, রিহ্যাবের সময়টা তিনি নষ্ট করেননি। বরং নিজেকে নতুন করে গড়েছেন। ফিটনেস আগের চেয়ে অনেক উন্নত করেছেন। বোলিংয়ের দুর্বলতা কোথায়, কোথায় উন্নতি দরকার — সব নিয়ে খুঁটিয়ে কাজ করেছেন। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফেরাই ছিল একমাত্র লক্ষ্য।
এক-দেড় বছর ক্রিকেটের মূলধারার বাইরে থেকেও তিনি কখনও নিজেকে বিচ্ছিন্ন ভাবেননি। টেস্ট সিরিজের আগে ভারত ‘এ’ দলে খেলে ভালো করায় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়ে। সেখান থেকেই ফিরে আসার যাত্রা শুরু হয়।









