ব্যুরো নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বাজা কদমতলা ঘাটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে গঙ্গাতীরে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃষ্টিস্নাত সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোদীকে ‘বিশ্বনেতা’ আখ্যা দেন এবং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প ও পরিকাঠামো উন্নয়নের অগ্রগতির কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার কথা স্মরণ করেন।
তিনি জানান, ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। এছাড়াও, ‘পিএম বিশ্বকর্মা যোজনা’র আওতায় লক্ষ লক্ষ হস্তশিল্পীকে আনা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের ৫০ লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে এবং গ্রামীণ কর্মসংস্থানে ১২৫ দিনের কাজের জন্য প্রায় ৮,০০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, পূর্ব মেদিনীপুরের জুনপুটে ডিআরডিও-র মিসাইল টেস্টিং সেন্টার এবং দাদনপাত্রবারে নতুন গভীর সমুদ্র বন্দর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যোগাযোগ ও বিমান চলাচল ক্ষেত্রে কলকাতা ওয়াটার মেট্রোর সূচনা, ব্যারাকপুর-নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ এবং কোচবিহার, বালুরঘাট, হাসিমারা, পুরুলিয়া ও মালদায় নতুন এয়ারপোর্ট চালুর প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান তিনি। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডকালে স্বল্প সময়ে ভ্যাকসিন প্রস্তুত করে ৫৫টি দেশকে বিনামূল্যে সাহায্য করা থেকে শুরু করে প্রতিরক্ষায় আত্মনির্ভরতা— সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর দূরদর্শিতা প্রমাণিত। এই মাসব্যাপী উদযাপন আগামী ১০ অক্টোবর মহালয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে।








