ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এক মহিলা সদস্যাকে প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা দেবদত্তা সামন্তকে পঞ্চায়েত অফিসের ভিতর থেকে টেনে বাইরে এনে বিবস্ত্র করা হয়।
তৃণমূল সূত্রে খবর, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতে একটি সভা শেষে পঞ্চায়েত সদস্য শুসেন জানা অফিসের বাইরে বেরোতেই কয়েকজন তাঁকে মারধর করে। সেই সময় দেবদত্তা সামন্ত প্রতিবাদ করতে গেলে তাঁর উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। আত্মরক্ষার জন্য তিনি পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকলে, সেখান থেকে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে এনে বিবস্ত্র করে ঘোরানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পাথরপ্রতিমা থানায় এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
তাদের দাবি, ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী বা সমর্থক জড়িত নন। বিজেপির পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নেত্রী-সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। তবে সিসিটিভি ফুটেজ ও অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর। ঘটনার নেপথ্যে আসল কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।








