দিল্লিতে পুলিশ সেজে নাবালিকাকে গণধর্ষণ: ইসকনের পাশে পার্কে নারকীয় ঘটনা

দিল্লিতে পুলিশ সেজে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ। ইসকনের কালকাজি মন্দিরের পাশের পার্কে বন্ধুর সামনেই চলল নারকীয় নির্যাতন। দিল্লির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: দিল্লিতে ফের প্রকাশ্যে এল নারী সুরক্ষার ভয়াবহ চিত্র। দেশের রাজধানীতে পুলিশ সেজে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। সপ্তাহখানেক আগেই দিল্লিতে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ কুকুরে খাওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও নারী নির্যাতনের ঘটনা ঘটায় দিল্লির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইসকনের কালকাজি মন্দিরের পাশের একটি পার্কে। ১৭ বছর বয়সি ওই নির্যাতিতা জানিয়েছে, সন্ধে সাতটা নাগাদ এক বন্ধুর সঙ্গে সে মন্দিরে গিয়েছিল।

পুজো সেরে সাড়ে সাতটা নাগাদ দু’জনে মন্দিরের পাশে থাকা পার্কে যায়। সেই সময়েই পুলিশের পরিচয় দিয়ে তিন ব্যক্তি সেখানে হাজির হয়। তারা নির্যাতিতা ও তার বন্ধুকে ভয় দেখিয়ে প্রথমে বন্ধুকে আটকে রাখে। এরপর ওই তিন দুষ্কৃতী নাবালিকাকে গণধর্ষণ করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই নারকীয় নির্যাতন। সোমবার রাতেই নির্যাতিতা পুলিশে ফোন করে গোটা ঘটনাটি জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় দিল্লির জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি উঠেছে।