ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৬ : ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া কে.সি.এম. হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র এবার ভূষিত হচ্ছেন মর্যাদাপূর্ণ দ্রোণাচার্য পুরস্কারে। টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে এই সম্মাননা পাচ্ছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি এই বিদ্যালয়ে ভূগোল বিষয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য শিশু শিক্ষা মিশনের কি রিসোর্স পার্সন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদান প্রশিক্ষক এবং জেলা প্রশাসনের হয়ে বাল্যবিবাহ রোধ, পকসো আইন, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেন। সমাজসেবামূলক কাজেও তাঁর অবদান অনন্য। বেলিয়াবেড়াতে সরকারি কলেজ স্থাপনে তাঁর ভূমিকা ছিল মুখ্য। যুব সমাজকে মোবাইলের নেশা থেকে বাঁচাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিনি তৈরি করেছেন শিক্ষামিত্র ভ্রাম্যমাণ লাইব্রেরী। তেরোটি বাল্য বিবাহ রোধ করেছেন এবং বাল্য বিবাহ রোধে তৈরি করেছেন পথ নাটিকা ‘আগামী’।
একজন দৃষ্টিহীন মেয়ের উচ্চ শিক্ষার সম্পূর্ণ দায়িত্বও তিনি গ্রহণ করেছেন। ‘কোনো কাজই ছোট নয়’ এই বার্তা দিতে তিনি স্কুলের টয়লেট পরিষ্কার করা বা ঘণ্টা দেওয়ার কাজও করেন। স্কুল ছুটির পর পার্শ্ববর্তী গ্রামগুলিতে থ্যালাসেমিয়া ও চোলাই মদের বিষক্রিয়া নিয়ে সচেতনতা প্রচার করেন। তাঁর এই অসামান্য অবদানের জন্য ২০২৩ সালে রাজ্য সরকার তাঁকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি বিবেক সম্মান, চুনি কোটাল সমাজকৃতি সম্মান এবং ডঃ এ.পি.জে. আব্দুল কালাম টিচিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবার টেকনো ইন্ডিয়া গ্রুপের দ্রোণাচার্য পুরস্কার তাঁর মুকুটে নতুন পালক যোগ করল।








