ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৬: হুগলির ব্যান্ডেলের একটি বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডি) সংক্রান্ত এক বড়সড় প্রতারণার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ব্যাংকের কর্মী নিখিল গুপ্তা বহু গ্রাহককে ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার নাম করে তাঁদের সঞ্চিত টাকা আত্মসাৎ করেছেন।
গ্রাহকদের হাতে ব্যাংকের নাম, কর্মীর এমপ্লয়ি কোড ও স্ট্যাম্প-সহ জাল সার্টিফিকেট ও রসিদ ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে গ্রাহকরা ব্যাংকে গিয়ে তাঁদের এফডির নথি যাচাই করতে গিয়ে জানতে পারেন, ব্যাংকের রেকর্ডে তাঁদের নামে কোনো টাকা জমা পড়েনি। এই খবর সামনে আসতেই গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইন্দ্রজিৎ কৌর প্রায় ২৫ লক্ষ, আরেক গ্রাহক ১২ লক্ষ এবং অনুশ্রী সেনগুপ্তার পরিবারের প্রায় ৯ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন। গ্রাহকদের বক্তব্য, তাঁরা নিখিল গুপ্তাকে দেখে নয়, বরং ব্যাংকের সুনাম ও বিশ্বাসের উপর ভরসা করেই টাকা রেখেছিলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর মঙ্গলবার ব্যান্ডেল মোড়ের কাছে সংশ্লিষ্ট ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
তাঁরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে দ্রুত তাঁদের টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ব্যাংক ম্যানেজার বিপ্লব কুমার মন্ডল জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে এবং উচ্চতর কর্তৃপক্ষ তদন্ত করছেন। পুলিশ সূত্রে খবর, নিখিল গুপ্তা এখন পুলিশি হেফাজতে রয়েছেন এবং জোরদার তদন্ত চলছে। কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত ও মোট কত টাকা তছরূপ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়; ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে।








