বাদুড়িয়ার যদুরহাটি-নারায়ণপুর রাস্তা যেন মরণফাঁদ: বেহাল দশায় নিত্য দুর্ঘটনা, ক্ষুব্ধ এলাকাবাসী

বাদুড়িয়ার যদুরহাটি-নারায়ণপুর রাস্তা মরণফাঁদ! হাসপাতাল-স্কুল থাকা সত্ত্বেও বেহাল দশায় নিত্য দুর্ঘটনা, লরি উল্টে পুকুরে। ক্ষুব্ধ এলাকাবাসী।

Share:

ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: বাদুড়িয়ার যদুরহাটি হসপিটাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এখন স্থানীয়দের কাছে এক বিভীষিকা। রাস্তার দুই প্রান্তে হাসপাতাল, হাই স্কুল ও একাধিক প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও এই পথ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সম্প্রতি একটি গম বোঝাই রেশন দোকানের লরি উল্টে পুকুরে পড়ে যায়, যা এলাকার মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে ভরে গেছে পথ।

বৃষ্টির জল জমে তা পুকুরের আকার ধারণ করেছে, যার ফলে পথচারী থেকে শুরু করে গাড়ি চলাচল সবই বিপজ্জনক হয়ে উঠেছে। স্কুলের ছাত্র-ছাত্রী, গর্ভবতী মহিলা এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েক হাজার মানুষ। এমনকি পায়ে হেঁটে যেতেও পড়ে গিয়ে হাত-পা ভাঙার ঘটনা নিত্যনৈমিত্তিক। এলাকাবাসীর অভিযোগ, বিগত কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দশার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসীনতাই দায়ী। বহুবার পঞ্চায়েত ও স্থানীয় তৃণমূল নেতাদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এখন নতুন সরকারের কাছে তাঁদের আশা, দ্রুত এই রাস্তার সংস্কার করা হবে। যদিও এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর মন্ডল জানান, তাঁরাও ব্লক অফিস সহ বিভিন্ন দপ্তরে দ্রুত রাস্তা মেরামতের জন্য জানিয়েছেন। অন্যদিকে, যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুল্লা মন্ডল বেহাল রাস্তার কথা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।