ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালন ১৭ বছর পর ফের পরিচালক আর বালকির সঙ্গে জুটি বাঁধলেন। তবে এবার হিন্দি নয়, তামিল ছবিতে দেখা যাবে তাঁকে। ২০০৯ সালের জনপ্রিয় ছবি ‘পা’-এর পর এই প্রথমবার আর বালকির পরিচালনায় কাজ করছেন বিদ্যা। সেই ছবিতে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এবার তাঁর নতুন তামিল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন এবং পরেশ রাওয়ালও। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির সেট থেকে একটি ঝলক শেয়ার করে নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেছেন বিদ্যা।
ছবিতে হাতে চিত্রনাট্য, চোখে চশমা এবং লম্বা বিনুনি করা লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি লিখেছেন, “New Beginnings #NewTamilFilm with #RBalki”। এই পোস্টের পর থেকেই বিদ্যার নতুন লুক এবং চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যদিও নির্মাতারা এখনও ছবির গল্প বা বিদ্যার চরিত্র নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি, তবে এই জুটির প্রত্যাবর্তন নিঃসন্দেহে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। উল্লেখ্য, আর বালকি এর আগে ‘চুপ’, ‘প্যাডম্যান’, ‘কি অ্যান্ড কা’, ‘মিশন মঙ্গল’-এর মতো সফল ছবি পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত ‘ঘুমর’ ছবিটিও সম্প্রতি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, বিদ্যা বালন বর্তমানে একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। দীর্ঘ বিরতির পর তিনি আবার পর্দায় ফিরছেন। তাঁকে রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-তেও দেখা যাবে, যা ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। এছাড়াও অক্ষয় কুমার ও আনিস বাজমির সঙ্গে আরও একটি ছবিতে কাজ করছেন তিনি। কেরলে ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে, এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।








