প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক সেজে নবান্নে প্রতারণা, দিল্লি থেকে গ্রেফতার মহিলা

প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক পরিচয়ে নবান্নে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার মহিলা। দিল্লি থেকে হাওড়া সিটি পুলিশের হাতে ধরা পড়লেন আকাঙ্ক্ষা বিদ্যার্থী।

Share:

ব্যুরো নিউজ, ২ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে প্রতারণার অভিযোগে এক মহিলাকে দিল্লি থেকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম আকাঙ্ক্ষা বিদ্যার্থী। বুধবার দুপুরে তিনি পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দারের সঙ্গে দেখা করতে নবান্নে আসেন। মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। মন্ত্রীর নির্দেশে আধিকারিকরা আকাঙ্ক্ষার পরিচয় খতিয়ে দেখা শুরু করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে জানা যায়, আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামে কোনও আধিকারিক সেখানে কর্মরত নন। এরপরই পূর্ত দফতর শিবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রে খবর, নবান্ন থেকে বেরিয়ে আকাঙ্ক্ষা সরাসরি কলকাতা বিমানবন্দরে যান এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল দ্রুত দিল্লিগামী পরের ফ্লাইটে রওনা দেয়। মধ্য দিল্লির আনন্দ প্রবাত থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে আকাঙ্ক্ষাকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির একটি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে হাওড়ায় আনা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, কোচবিহারের এক ব্যবসায়ীকে পিএমও আধিকারিক সেজে প্রতারণার অভিযোগও রয়েছে আকাঙ্ক্ষার বিরুদ্ধে। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে তার ছবিও সমাজ মাধ্যমে পোস্ট করতেন তিনি। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত মহিলা এর আগেও এমন প্রতারণা করেছেন কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।