ব্যুরো নিউজ, ২ অক্টোবর ২০২৬ : কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, শুক্রবার থেকে উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। তবে শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম থাকবে। কলকাতায় অল্প সময়ের জন্য আঞ্চলিক বা এলাকাভিত্তিক হালকা বৃষ্টি হতে পারে। শনিবার শহরের কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টি দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলায় শুক্র ও শনিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা রবিবার পর্যন্ত জারি থাকতে পারে। এরপর সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দু-দিনের মধ্যে এই দুই রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই গুমোট ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই।








