রতুয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, সেবা শিবিরে ভাঙচুর মহিলাদের, আটক কয়েকজন

মালদার রতুয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলাদের তাণ্ডব। সেবা শিবিরে ভাঙচুর, পথ অবরোধ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আটক বেশ কয়েকজন।

Share:

ব্যুরো নিউজ, ২ অক্টোবর ২০২৬: মালদার রতুয়া ২ ব্লকের মহারাজনগর হাই মাদ্রাসায় আয়োজিত সেবা সেতু শিবিরে শুক্রবার চরম উত্তেজনা ছড়ায়। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, বারবার আবেদন এবং ফর্ম পূরণ করা সত্ত্বেও মাসের পর মাস অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে না।

এই শিবিরে এসেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এদিন বাঁধ ভাঙে। ক্ষুব্ধ মহিলারা শিবিরের বিভিন্ন সরকারি প্ল্যাকার্ড, বোর্ড ও ফেস্টুন ভাঙচুর করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সরকারি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে আটকে রাখা হয়। এমনকি পুলিশের গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে মহিলাদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।