ব্যুরো নিউজ, ২ অক্টোবর ২০২৬: হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করল হাওড়া জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রী। পুলিশের এই সাফল্যে হাওড়ার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮শে সেপ্টেম্বর ৫০ বছর বয়সী ব্যবসায়ী পিয়ারি লাল পাসীকে হাওড়া স্টেশন সংলগ্ন সবজি মার্কেট এলাকা থেকে বাইকে চাপিয়ে অপহরণ করে দুষ্কৃতীরা। ৩০শে সেপ্টেম্বর পরিবারের তরফে গোলাবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। ঘটনার গুরুত্ব বুঝে গোলাবাড়ি থানা দ্রুত তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়। এরপর বিশেষ সূত্র ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ১লা অক্টোবর সন্ধ্যায় লিলুয়ার বি. রোড এলাকার একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে যৌথ অভিযান চালায় গোলাবাড়ি ও লিলুয়া থানার পুলিশ। সেখান থেকে অপহৃত ব্যবসায়ী পিয়ারি লাল পাসীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একইসঙ্গে ৭ জন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃতদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা গুলি, ৯টি মোবাইল ফোন, ১টি ট্যাব এবং নগদ ১৫,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন অতীতে একটি হত্যাকাণ্ডে ১৬ বছর জেল খেটে জামিনে মুক্ত হয়েছিল। অন্য কয়েকজনের বিরুদ্ধেও অপরাধের রেকর্ড রয়েছে। অপহরণের উদ্দেশ্য কেবল টাকার লোভ ছিল নাকি পুরনো শত্রুতা, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে বিচারবিভাগীয় বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে।









