ব্যুরো নিউজ, ৪ অক্টোবর ২০২৬ : গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির জীবন্ত পুড়ে মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ির মাটিগাড়া থানা সংলগ্ন তারাবাড়ি এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। উত্তেজিত জনতা অভিযুক্তদের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় রাতের অন্ধকারে দামি গাড়ি ব্যবহার করে গরু চুরির ঘটনা বাড়ছিল। শনিবার ভোররাতে মাটিগাড়া থানা এলাকার বালাসন নদীর ধারে একটি সন্দেহভাজন গাড়িকে ঘুরতে দেখে স্থানীয়রা। গবাদিপশু চুরির উপদ্রব বাড়ায় গ্রামবাসীরা আগে থেকেই সতর্ক ছিলেন। গাড়িটি দেখতেই চোর সন্দেহে শোরগোল শুরু হয় এবং মুহূর্তের মধ্যে বহু মানুষ জড়ো হয়ে যায়।
উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ধরে ব্যাপক ভাঙচুর চালায় এবং গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের ওপর চড়াও হয়। অভিযোগ, গণপিটুনি দেওয়ার পর এক ব্যক্তিকে নির্মমভাবে পুড়িয়ে খুন করা হয়। খবর পেয়ে বাগডোগরা ও মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃত ও আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। একই সঙ্গে, আইন হাতে তুলে নিয়ে এই বর্বরোচিত হামলায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না এবং ঘটনার তদন্ত চলছে।








