ব্যুরো নিউজ, ৪ অক্টোবর ২০২৬: রাজ্যের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর লাগাতার হামলার প্রতিবাদে শনিবার হাওড়া আদালতের সামনে মহাত্মা গান্ধী রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। প্রায় ২০ মিনিট অবরোধের জেরে হাওড়া ময়দান এলাকার ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। একইসঙ্গে হাওড়া আদালতে কর্মবিরতি পালন করেন আইনজীবীরা, যার ফলে কোনও মামলা ফাইল হয়নি।
আইনজীবীরা জানিয়েছেন, বারুইপুর আদালতে কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় এবং তাঁকে মারধর করা হয়। এরপর গত পয়লা অক্টোবর ব্যাঙ্কশাল কোর্টে বহিরাগতরা এক ইউটিউবার অভিযুক্তকে আদালতে তোলার সময় আইনজীবীদের মারধর ও হেনস্থা করে। এমনকি মহিলা আইনজীবীদেরও বাদ দেওয়া হয়নি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য মিহির বন্দ্যোপাধ্যায় বলেন, শিয়ালদহ ও ব্যাঙ্কশাল আদালতে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে। আজ হাওড়া আদালতেও কর্মবিরতি পালিত হয়েছে।
আইনজীবীদের উপর হামলা বন্ধ না হলে এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে অন্যান্য আদালতেও ছড়িয়ে দেওয়া হবে। আইনজীবীরা অবিলম্বে ‘লইয়ার সিকিউরিটি প্রটেকশন অ্যাক্ট’ চালু করার দাবি জানিয়েছেন, যা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই লাগাতার হামলার বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ রাজ্যজুড়ে বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে।








