ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬ : বিকল্প অর্থকরী ফসল হিসেবে মালটা চাষে অভাবনীয় সাফল্য অর্জন করে জেলার কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছেন মালদার এক অবসরপ্রাপ্ত শিক্ষক। পুখুরিয়া থানার বেতাহা এলাকার বাসিন্দা অনুপ কুমার ঝাঁ প্রায় নয় বিঘা জমিতে এক হাজারেরও বেশি মালটা গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইংরেজবাজার থানার শোভানগর এলাকার বাসিন্দা অনুপবাবুর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। জানা গিয়েছে, ২০১৮ সালে কৃষিবিজ্ঞানী দাদার পরামর্শে অনুপবাবু মালটা চাষ শুরু করেন। প্রথমে বাংলাদেশে ‘বাড়ি এক’ প্রজাতির মালটার ফলন শুরু হলেও, বর্তমানে ভারতের নাসিক এলাকা থেকেও দেশের বিভিন্ন প্রান্তে এই মালটা সরবরাহ করা হয়।
অনুপবাবু প্রথমদিকে পরিকল্পিতভাবে গাছ লাগাতে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হলেও, পরবর্তীতে অভিজ্ঞতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে তিনি সফল হন। সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ থেকে মালটা পেড়ে বাজারজাত করা হয়। বর্তমানে তাঁর বাগানে মালটার ভালো ফলন হচ্ছে এবং বাণিজ্যিকভাবে তা বাজারজাত করা হচ্ছে। মালদার স্থানীয় বাজার ছাড়াও বিহার-সহ অন্যান্য রাজ্যের ব্যবসায়ীরা তাঁর কাছ থেকে ফল সংগ্রহ করছেন। এমনকি জেলার আমবাজারের ব্যবসায়ীরাও এই মালটা কিনছেন। অনুপবাবু জানান, মালদার মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার উৎপাদিত ফলের স্বাদ ও গুণমানও যথেষ্ট ভালো। এই বিকল্প চাষে তিনি রীতিমতো লাভের মুখ দেখছেন। তাঁর বিশ্বাস, জেলার অন্যান্য কৃষকরাও যদি এই ধরনের বিকল্প চাষে এগিয়ে আসেন, তবে তাঁদের মুখেও হাসি ফুটবে এবং জেলার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।








