প্যারিসে BoF গালায় বাংলার মসলিন শাড়িতে জাহ্নবী, বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতীয় ঐতিহ্য

প্যারিসের BoF গালায় বাংলার ঐতিহ্যবাহী মসলিন শাড়িতে নজর কাড়লেন জাহ্নবী কাপুর। বিশ্বমঞ্চে ভারতীয় কারুকার্য ও সংস্কৃতি তুলে ধরলেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: প্যারিসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ‘বিজনেস অফ ফ্যাশন’ (BoF 500 Gala) ইভেন্টে এবার নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ফ্যাশন দুনিয়ার ৫০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পাওয়ার অনুষ্ঠান উদযাপনের রাতে তিনি বেছে নিলেন বাংলার ঐতিহ্যবাহী মসলিন শাড়ি।

লাস্যময়ী ও মোহনী রূপে ধরা দিয়ে জাহ্নবী বিশ্বমঞ্চে বাংলার তাঁতশিল্প ও কারুকার্যকে তুলে ধরলেন। অভিনেত্রীর এই রাজকীয় স্টাইলিংয়ের নেপথ্যে ছিলেন ডিজ়াইনার ও স্টাইলিস্ট রিয়া কাপুর। বিখ্যাত ব্র্যান্ড ‘পঙ্কজ এস হেরিটেজ’-এর কাস্টম ডিজ়াইনে নির্মিত এই পোশাকটিতে ঐতিহ্যবাহী শাড়ির আধুনিক রূপায়ণ ঘটানো হয়েছে।

৪৬০ কাউন্টের সুতো দিয়ে তৈরি এই মসলিন শাড়িতে ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ, যা ঐতিহ্যগত ভাবে ‘বাফ-ই-হাওয়া’ বা ‘শবনমী’ নামে পরিচিত। আইভরি ক্যানভাসের উপর পোখরাজ, পান্না, গার্নেট, মুক্তো এবং সোনার পুঁতির চমৎকার কারুকাজ পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

২০২৬ সালের ‘বিজনেস অফ ফ্যাশন’ (BoF 500) তালিকায় বিশ্ব জুড়ে আটটি ক্যাটাগরিতে ১০০ জন নতুন ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় জাহ্নবী কাপুরের পাশাপাশি স্থান করে নিয়েছেন দুই ভারতীয় মডেল ভাবিতা মান্ডভা এবং প্রীতিশা স্বরূপ।

জাহ্নবীর এই পোশাক কেবল তাঁর সৌন্দর্যই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের এবং বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকেও গৌরবান্বিত করেছে।