বাগডোগরায় গাড়ির গোপন চেম্বার থেকে বিপুল সোনা উদ্ধার, গ্রেফতার বিহারের ২ পাচারকারী

বাগডোগরায় গাড়ির গোপন চেম্বার থেকে ৪৬৫ গ্রাম সোনা উদ্ধার। গ্রেফতার বিহারের ২ পাচারকারী। আনুমানিক ৭০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট মোড় এলাকায় একটি চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ গতকাল রাতে এয়ারপোর্ট মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সেই সময় একটি সন্দেহজনক চারচাকা গাড়ি আটকানো হয়। তল্লাশির সময় গাড়ির ভিতরে অত্যন্ত সুকৌশলে তৈরি করা একটি গোপন চেম্বারের হদিশ মেলে। ওই চেম্বার খুলতেই একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৪৬৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

এরপরই পুলিশ ওই গাড়িটি থেকে শবন কুমার এবং রমন কুমার নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত দুই ব্যক্তিই বিহারের বাসিন্দা। আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার বৈধ নথিপত্র দেখাতে না পারার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। সাথে সাথে পাচারকার্যে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, শিলিগুড়ি থেকে এই সোনা বিহারে পাচার করা হচ্ছিল। তবে এই সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

এই ঘটনায় একটি বড়সড় পাচারচক্রের যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করছে শিলিগুড়ি পুলিশ। ফলে তদন্তে আরও নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।