ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: রাজ্যে নতুন সরকার আসার পর প্রথম দুর্গাপূজার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ জনমুখী ঘোষণা করলেন।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের মানুষের জন্য একাধিক প্রকল্পের কথা জানান। পুলিশে ১২ হাজার নতুন নিয়োগের পাশাপাশি ভূমি রাজস্ব দপ্তরের অস্থায়ী সাফাইকর্মী, অর্থাৎ ‘কর্মবন্ধু’দের মাসিক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বর্ধিত ভাতা চলতি মাস থেকেই কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পড়ুয়াদের খাবারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মহিলাদের উচ্চশিক্ষার জন্য নতুন প্রকল্প চালু করার কথাও ঘোষণা করেন তিনি।
উৎসবের মরসুমে এই সকল ঘোষণায় রাজ্যের বিভিন্ন মহলে খুশির হাওয়া। শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে আরও ১৪ হাজারেরও বেশি নিয়োগ করা হবে। এছাড়াও, আগামী ১০ই অক্টোবর মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য একটি নতুন হেল্পলাইন চালু হবে। ওইদিনই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এক অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন থানাকে ৪০০টি গাড়ি ও ৪৫০টি বাইক দেওয়া হবে বলে জানানো হয়।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কর্মক্ষেত্রকে সচল করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।








