ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে চলা ভয়ংকর যুদ্ধে বিপর্যস্ত সৌদি আরবকে সাহায্য করতে এবার সক্রিয় হল মক্কা চুক্তি। এই চুক্তির শর্ত মেনে বন্ধু সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও তুরস্ক।
সোমবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা সৌদির প্রধান বাণিজ্যপথ বাব-আল মান্দেব প্রণালী-সহ ইয়েমেনের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে। এই গুরুতর পরিস্থিতিতে সৌদি আরবের অসহায় অবস্থা দেখে পাকিস্তান ও তুরস্ক এগিয়ে এসেছে।
রিয়াদের বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের তরফে ছিলেন সেনাপ্রধান আসিম মুনির, বিদেশমন্ত্রী ইসাক দার এবং প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। বৈঠকে তিন দেশই হাউথি হামলার তীব্র নিন্দা করে একটি যৌথ বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত পদক্ষেপ জরুরি।
চুক্তির শর্ত মেনে দুই দেশ সৌদিতে সেনা পাঠাতে রাজি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার মধ্যপ্রাচ্যে সৌদির সেনার সঙ্গে যৌথভাবে হাউথি বিদ্রোহীদের মোকাবিলা করবে পাকিস্তান ও তুরস্কের সেনাবাহিনী। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
যদিও সৌদি আরবে কতজন পাকিস্তানি ও তুর্কি সৈন্য মোতায়েন করা হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই সৈন্যরা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে, নাকি কেবল সৌদি আরবের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও সীমান্ত রক্ষা করবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই সামরিক সহায়তা সৌদির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।







