দুর্গাপুজোয় শিয়ালদহ থেকে সারা রাত ট্রেন: পূর্ব রেলের বড় ঘোষণা, কোন লাইনে কতগুলি স্পেশাল?

দুর্গাপুজো ২০২৬-এ শিয়ালদহ থেকে সারা রাত চলবে লোকাল ট্রেন। পূর্ব রেলের বড় ঘোষণা, ৫১টি স্পেশাল ট্রেন, থাকছে ওভারনাইট পরিষেবা ও ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা।

Share:

ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: দুর্গাপুজো ২০২৬-এর ভিড় সামলাতে এক বড় ঘোষণা করল পূর্ব রেল। এই বছর শিয়ালদহ ডিভিশন থেকে পুজোর দিনগুলিতে সারা রাত চলবে লোকাল ট্রেন।

রেল সূত্রে খবর, পুজোর দিনগুলিতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাত্রীরা লোকাল ট্রেন পরিষেবা পাবেন। গত বছরের তুলনায় এবার স্পেশাল ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মোট ৫১টি স্পেশাল ট্রেন চালানো হবে, যা গত বছর ছিল ৩১টি। এর মধ্যে ১৬ই থেকে ২১শে অক্টোবর পর্যন্ত মেন, নর্থ ও সাউথ সেকশনে ৩৮টি ওভারনাইট স্পেশাল ইএমইউ পরিষেবা থাকবে। এছাড়াও সন্ধ্যার ব্যস্ত সময়ে ১৩টি স্পেশাল ট্রেন চলবে। পুজোর আগে ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-লালগোলা সেকশনে চারটি প্রি-পুজো স্পেশাল ইএমইউ ট্রেনও চালানো হবে। যাত্রীদের সুবিধার জন্য পুজোর দিনে দুপুর ২টোর পর শহরতলির সব মেমু/ইএমইউ ট্রেন প্রতিটি স্টেশনে থামবে, অর্থাৎ গ্যালোপিং ট্রেন থাকছে না।

ভিড় সামলানোর জন্য শিয়ালদহ স্টেশনে প্রফুল্ল দ্বার, নর্থ, মেন, সেন্ট্রাল ও সাউথ গেট দিয়ে ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। একটি বিশেষ ২৪x৭ ওয়ার রুম চালু থাকবে এবং সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্ট্যান্ডবাই ট্রেন রেক, রিজার্ভ লোকো ক্রু, মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক এবং মোবাইল মেইনটেন্যান্স টিম প্রস্তুত থাকবে। শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে অতিরিক্ত শৌচাগার ব্লকও তৈরি করা হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা জানিয়েছেন, ‘দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক দর্শনার্থীর জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। পুজোর সময়ে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের সব ফ্রন্টলাইন টিম ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।’