ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী দিল্লি। বুধবার যন্তর মন্তরে ইন্ডি জোটের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তবে যন্তর মন্তরে পৌঁছানোর আগেই বিরোধী সাংসদদের পথ আটকায় দিল্লি পুলিশ। এই ঘটনায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করা হয়, যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর ইন্ডি জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই অনুযায়ী, মঙ্গলবারও নির্বাচন কমিশন অভিযান করে ইন্ডি জোটের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই মিছিলে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে-সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু নির্বাচন সদনে পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধা পেয়ে কমিশনের উলটো দিকে আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন বিরোধী সাংসদরা। দিনভর ধরনার পর সন্ধ্যায় দিল্লি পুলিশ জোরপূর্বক সেই ধরনা তুলে দেয় এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী-সহ বেশ কয়েকজনকে আটক করে। ঘণ্টা দুয়েক পর তাঁদের মুক্তি দেওয়া হয়। বুধবারের যন্তর মন্তরের বিক্ষোভ সেই আন্দোলনেরই ধারাবাহিকতা। প্রিয়াঙ্কা গান্ধীকে বিক্ষোভস্থলে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়, যা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। ইন্ডি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের আন্দোলন চলবে।








