ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: শিয়ালদহ দক্ষিণ শাখায় ভয়াবহ ধসের ঘটনা। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগোতেই বসে গেল রেললাইনের একাংশ। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলের পাইপলাইনও। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যস্ততম শিয়ালদহ স্টেশনে এমন বিপর্যয়ের খবর পেয়ে যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়।
রেল সূত্রে খবর, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা ধসে পড়ায় তার ঠিক উপরের রেললাইনটি বসে যায়। এর পাশাপাশি, নালার নীচে থাকা জলের পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও পর্যন্ত কোনও প্রভাব পড়েনি। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রথমদিকে এই খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছিলেন তাঁরা। কিন্তু রেলের তরফে দ্রুত ঘোষণা করা হয় যে, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার প্রথম ওই নিকাশি নালাটিতে ধস নামে। এরপর গত দু’দিনে নালাটির ক্ষয়ক্ষতি আরও বাড়ে এবং রেললাইনের একাংশ বসে যায়। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই কলকাতা পুরসভা এবং রেলের যৌথ উদ্যোগে মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।








