ব্যুরো নিউজ, ৯ অক্টোবর ২০২৬: আর মাত্র ক’দিন পরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার প্রাক্কালে ফের বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পশ্চিমের জেলা কুষ্টিয়ার কুমারখালি পৌরসভার খয়েরচারা সর্বজনীন মাতৃমন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, গত ৮ই অক্টোবর দিবাগত রাতে মন্দিরের বাঁশের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তারা গণেশ, লক্ষ্মী এবং দুর্গার বাহন সিংহের মূর্তি-সহ অন্তত চারটি প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভেঙে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানিয়েছেন, রাত ২টো পর্যন্ত তাঁরা মন্দিরে প্রতিমা তৈরির কাজ তদারকি করছিলেন। কাজ শেষ হওয়ার পর প্রতিমাগুলো ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যান। সকালে এসে তাঁরা ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। তাঁর অনুমান, রাত দুটোর পরই এই কাণ্ড ঘটানো হয়েছে। কুমারখালী থানার পুলিশ জানিয়েছে, মন্দিরে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা কঠিন হচ্ছে, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপূজা শুরু হওয়ার আগে সেপ্টেম্বর মাসের শেষ থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি মন্দিরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। তারেক সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও হিন্দুবিরোধী কার্যকলাপ অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে।
এই ধরনের ঘটনা বাংলাদেশের মৌলবাদী ভাবমূর্তিকে আবারও নতুন করে বিশ্বে প্রতিস্থাপিত করল।








