ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সম্প্রতি এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে নেমিচাঁদ বামালওয়া অ্যান্ড সন্স দেবী দুর্গার ন’টি অবতারের অনুপ্রেরণায় তৈরি একটি অসাধারণ নেকলেস উন্মোচন করেছে।
সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং SHE Kantha-এর সহযোগিতায় আয়োজিত ‘দেবী দুর্গা: শক্তি, মাতৃ, করুণা’ শীর্ষক এই প্রদর্শনীতে কুমোরটুলির সাবিকী প্রতিমার সঙ্গে ঐতিহ্যবাহী অলঙ্কার পরিধান করানো হয়েছে। এই অনন্য নেকলেসটি দুর্গা পূজার ন’টি দিন ও নবরাত্রির তাৎপর্যকে একসূত্রে গেঁথেছে।
নেমিচাঁদ বামালওয়া অ্যান্ড সন্স-এর কারিগররা এক মাসেরও বেশি সময় ধরে এই হস্তনির্মিত অলঙ্কারটি তৈরি করেছেন, যেখানে সোনা, হীরা এবং পোল্কি ব্যবহার করা হয়েছে। প্রতিমার বিশাল আকারের কথা মাথায় রেখে প্রতিটি অলঙ্কার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মা লক্ষ্মীকে গজলক্ষ্মী রূপে এবং মা সরস্বতীকে হাঁসের সঙ্গে তাঁর সংযোগের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
এই বছরের পূজার ‘স্বদেশী ও সনাতনী’ ধারণাকে সম্মান জানিয়ে প্রতিমাগুলিকে তাদের মূল মাটির রঙে রাখা হয়েছে। সেগুলির সঙ্গে মানানসই সোনার মন্দিরের গহনা ব্যবহার করা হয়েছে। SHE Kantha-এর সঙ্গে এই সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে শত শত মহিলা কারিগর কাঁথা এমব্রয়ডারি করা শাড়ি তৈরি করেছেন। নেকলেসের নকশা এমনভাবে করা হয়েছে যাতে কাঁথা কাজের সৌন্দর্য ঢাকা না পড়ে।
নেমিচাঁদ বামালওয়া অ্যান্ড সন্স-এর পার্টনার বিনোদ বামালওয়া বলেন, “আমরা চেয়েছিলাম এই অলঙ্কারের মাধ্যমে নবরাত্রিকে ঘরে ফিরিয়ে আনতে এবং কাঁথা কাজের সৌন্দর্য যেন এর মধ্য দিয়ে শ্বাস নিতে পারে।”
তিরুপতি, রাম মন্দির অযোধ্যা সহ বিভিন্ন দেব-দেবী ও পূজামণ্ডপের জন্য অলঙ্কার তৈরির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই সংস্থার। ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে এই অংশীদারিত্ব ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন ঘটিয়েছে।








