ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: ভোটচুরির অভিযোগ ঘিরে তেতে উঠেছে রাজধানী দিল্লি। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্ত। এরই মধ্যে দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধরনায় বসেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে আটক করল দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, বেআইনি জমায়েতের অভিযোগে তৃণমূল সুপ্রিমোকে আটক করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে রয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সাকেত গোখেল। এই ধরনা কর্মসূচিতে তৃণমূলের বহু কর্মী সমর্থকও উপস্থিত ছিলেন, যাদেরও পরে আটক করা হয়।
পুলিশি ভ্যানে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা স্পষ্ট না হলেও, আটক হওয়ার পর প্রিজন ভ্যান থেকেই নিজের সমাজমাধ্যমে ফেসবুক লাইভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ফের একবার সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সহকর্মীদের নিয়ে গান গাইতেও দেখা যায় তাঁকে। ‘আঁখো মে ভর লো পানি’ গানটি গেয়ে তিনি প্রতিবাদ জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করার চেষ্টা করছে সরকার। অন্যদিকে, বিজেপি এই আন্দোলনকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেছে।
এই ঘটনা দিল্লির রাজনৈতিক আবহাওয়াকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।








