ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: শ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে বীরভূমকে নতুন দিশা দেখাতে উদ্যোগী হল শুভেন্দু অধিকারীর সরকার। খনিজ সম্পদে সমৃদ্ধ এই জেলাকে ‘সোনার জেলা’ হিসেবে অভিহিত করে শিল্পায়নের পথে এগিয়ে নিয়ে যেতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সিউড়িতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এই নির্দেশ দেন। বীরভূমের শিল্প সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ টানাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বৈঠকে মন্ত্রী দীপঙ্কর জানা জানান, বীরভূমের ভূগর্ভে যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, তা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সম্পদকে ভিত্তি করে নতুন শিল্প স্থাপনের জন্য উপযুক্ত জমির তথ্যভাণ্ডার তৈরি করা অত্যন্ত জরুরি। গত কয়েক মাসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে সফল হয়েছে। একাধিক সংস্থা ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছে এবং আরও বহু সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত জেলাশাসক, ডিএলআরও এবং জেলার ১৯টি ব্লকের বিএলআরওদের কাছে গত ১৫ বছরে জেলায় কত জমি পাট্টা দেওয়া হয়েছে, কাদের নামে দেওয়া হয়েছে এবং প্রকৃত প্রাপক হওয়া সত্ত্বেও কারা এখনও পাট্টা পাননি, তার পূর্ণাঙ্গ তথ্য চেয়েছেন। এই তথ্য সংগ্রহ করে দ্রুত জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করা যাবে, তেমনই অন্যদিকে জমির মালিকানা সংক্রান্ত স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। বীরভূমের আর্থ-সামাজিক উন্নয়নে এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








