ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু মোকাবিলায় এক অভিনব পরিচ্ছন্নতা অভিযান দেখা গেল। সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিতে শনিবার সকালে বিধায়ক সুখেন কুমার বাগদি নিজেই ঝাড়ু ও কোদাল হাতে নেমে পড়লেন সাফাই কাজে। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বিধায়ক হাসপাতাল চত্বরের আবর্জনা পরিষ্কার করেন। শুধু তাই নয়, কোদাল চালিয়ে নিকাশি নালা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করে তিনি এক দৃষ্টান্ত স্থাপন করেন।
সাফাই অভিযান শেষে বিধায়ক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে পরিষেবার খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে তিনি জানতে পারেন যে তাঁরা সঠিক পরিষেবা পাচ্ছেন এবং ডাক্তারবাবুরাও নিয়মিত আসছেন। বিধায়ক সুখেন কুমার বাগদি বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় দেড় লাখ মানুষের ভরসার জায়গা। তিনি হাসপাতালটির পরিকাঠামো উন্নয়ন ও বিল্ডিং মেরামতির বিষয়ে বিধায়ক হিসেবে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন, যা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। শীতের শুরুতেও বর্ষার রেশ থাকায় জল জমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে, এই বিষয়টি উল্লেখ করে বিধায়ক বলেন, হাসপাতাল ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু প্রশাসন বা চিকিৎসকদের ওপর নির্ভর করলে চলবে না, ডেঙ্গুর লার্ভা যাতে না জন্মায় সে বিষয়ে সাধারণ মানুষকেও নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রেখে সচেতন হতে হবে। স্থানীয় এক বাসিন্দা বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করে জানান, এলাকায় বাইরে থেকে আসা কিছু মানুষের মধ্যে ডেঙ্গির সংক্রমণ দেখা গেলেও স্বাস্থ্যকেন্দ্র অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং তাঁরা পরিষেবায় অত্যন্ত সন্তুষ্ট। বিধায়কের এই সরাসরি অংশগ্রহণ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে।








