ব্যুরো নিউজ, ১২ অক্টোবর ২০২৬: হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত জুজারসাহা গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিবাদ এবং প্রতিবেশী অসীম চ্যাটার্জী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আত্মঘাতী হলেন নির্মল খাটোয়া নামে এক ব্যক্তি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, প্রয়াত দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় নির্মল খাটোয়াকে জমি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ওই জমিতে যাতায়াতের রাস্তা নিয়ে অসীম চ্যাটার্জী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ শুরু হয়।
অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে রাস্তা ব্যবহার করতে বাধা দেওয়া হচ্ছিল। যে রাস্তা দিয়ে তিনি যাতায়াত করতেন, সেখানে বাঁশ ও লাঠি ফেলে এবং দেওয়াল তুলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিনের এই বিবাদ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পরিবারের। মৃত্যুর আগে রেখে যাওয়া সুইসাইড নোটে অসীম চ্যাটার্জী-সহ তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে দাবি পরিবারের। এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন মৃতের আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা। ঘটনার প্রতিবাদে মৃতের বাড়ির সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকরাও ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত অসীম চ্যাটার্জী ও তাঁর পরিবারের সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ মৃতদেহ নিয়ে যাওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।








