ব্যুরো নিউজ, ১২ অক্টোবর ২০২৬: অপরাধ বা যেকোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে এবার আরও তৎপর হবে মালদা জেলা পুলিশ। জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে চালু হল ১৪টি ১১২ (ERSS) এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের পুলিশ মোবাইল ভ্যান। রবিবার মালদায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা ও রাজু কর্মকার।
এছাড়াও মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো এলাকায় অপরাধ, দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে ১১২ নম্বরে ফোন করলেই ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছবে পুলিশি সহায়তাকারী ভ্যান। এর ফলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আক্রান্তদের সহায়তা করা সম্ভব হবে। জরুরি পরিষেবায় সময় নষ্ট না করে দ্রুত সাড়া দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। গত শনিবার কলকাতায় এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর ঠিক আগে মালদার ১৪টি থানায় এই ১৪টি ভ্যান চালুর ফলে জরুরি পুলিশি পরিষেবা আরও গতিশীল হবে বলে আশা করছে জেলা পুলিশ প্রশাসন। এই উদ্যোগ নিঃসন্দেহে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক নতুন মাত্রা যোগ করবে।








