বিয়ের প্রতিশ্রুতিতে দেড় কোটি টাকা আত্মসাৎ: সিউড়ির প্রাক্তন পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জীর বিরুদ্ধে অভিযোগ

সিউড়িতে তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১২ অক্টোবর ২০২৬: সিউড়ি, ১২ অক্টোবর (প্রীতি পোদ্দার): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সিউড়ি সহ রাজ্য রাজনীতিতে। অভিযোগকারিণী মহিলা বারাসতের বাসিন্দা। তিনি সিউড়ি থানায় উজ্জ্বল চ্যাটার্জীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, উজ্জ্বল চ্যাটার্জী ওই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এই সুযোগে তিনি দফায় দফায় মহিলার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেন।

অভিযোগ, পরবর্তীকালে উজ্জ্বল চ্যাটার্জী সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং বিয়ের প্রতিশ্রুতিও রক্ষা করেননি। মহিলা একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইতে গেলে তাঁকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় হতবাক অনেকেই। অবশেষে সুবিচারের আশায় ওই মহিলা সিউড়ি থানায় দ্বারস্থ হন। সাংবাদিকদের সামনে তিনি জানান, হয় উজ্জ্বল চ্যাটার্জী তাঁর টাকা ফেরত দিন অথবা তাঁকে বিয়ে করুন। পাশাপাশি, তিনি এই ঘটনার বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে উজ্জ্বল চ্যাটার্জীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শাসক দলের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশি তদন্তের পর সত্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।