ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: পাঞ্জাবের মানসায় এক মর্মান্তিক ঘটনায় মাদকবিরোধী সমাজকর্মী পারভিন্দর সিং ঝোটাকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানসা জেলায় এই ঘটনা ঘটে। অভিযোগ, এক মেডিকেল স্টোর মালিক তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে একাধিক গুলি চালান। গুরুতর আহত অবস্থায় ঝোটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরেই ঝোটা গোটা এলাকায় মাদকবিরোধী প্রচারে সক্রিয় ছিলেন। তিনি শুধু মানুষকে মাদক বিক্রি থেকে বিরত রাখতেন না, মাদক পাচারকারীদের ধরতেও উদ্যোগী হতেন। ‘অ্যান্টি-ড্রাগ টাস্কফোর্স’ নামে একটি সামাজিক সংগঠন চালাতেন তিনি। যুবসমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা বন্ধ করাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঝোটা একটি মেডিকেল স্টোরে নিষিদ্ধ ওষুধ বিক্রির প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। সেখানেই দোকান মালিকের সঙ্গে তাঁর বচসা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় যে মেডিকেল স্টোর মালিক পিস্তল দিয়ে গুলি চালাচ্ছেন। মনে করা হচ্ছে, ঝোটা নিজেই এই ভিডিওটি রেকর্ড করেছিলেন।
তবে, ঝোটার বিরুদ্ধেও একাধিক বিতর্কিত অভিযোগ ছিল। তিনি একজন কাবাডি খেলোয়াড় হলেও, তাঁর নামে অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় মামলা ছিল এবং তিনি এর আগে জেলও খেটেছেন। ২০২৩ সালে একটি মেডিকেল স্টোরে জোর করে ঢোকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ২০০৯ সালে একটি খুনের চেষ্টার মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল।
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








