পুজোর মুখে বর্ধমানে জাল নোটের কারবার ফাঁস, লক্ষাধিক টাকার নকল নোট-সহ দম্পতি-সহ ৩ গ্রেফতার

পুজোর মুখে বর্ধমানে জাল নোটের কারবার ফাঁস। লক্ষাধিক টাকার নকল নোট-সহ এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে বড় চক্রের যোগের সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: পুজোর মুখে বর্ধমান শহরে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বর্ধমান থানার পুলিশ ব্যাগভর্তি লক্ষাধিক টাকার জাল নোট-সহ এক দম্পতি-সহ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ৫০০ টাকার মোট ২০০টি জাল নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতরা হলেন শেখ লালন, তাঁর স্ত্রী জাসমিন বিবি এবং তোতন শেখ। তিনজনই বর্ধমান শহরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বলগোনা থেকে বর্ধমানে আসার জন্য এক মহিলা ও এক পুরুষ ২,০০০ টাকায় একটি মারুতি গাড়ি ভাড়া করেছিলেন।

পথে বাজেপ্রতাপপুর এলাকা থেকে আরও এক ব্যক্তিকে গাড়িতে তোলা হয়। গাড়িভাড়ার টাকা মেটাতে চালককে ৫০০ টাকার চারটি নোট দেওয়া হলে নোটগুলির ক্রমিক নম্বর একই হওয়ায় সন্দেহ হয় চালকের। তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ বাজেপ্রতাপপুর এলাকাতেই গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে জাল নোটভর্তি ব্যাগ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ব্যাগে তিনটি বান্ডিলে রাখা ৫০০ টাকার মোট ২০০টি জাল নোট ছিল, যার মোট মূল্য এক লক্ষ টাকা। অন্যদিকে, ধৃত জাসমিন বিবির দাবি, ছেলের মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসার খরচ জোগাড় করতে তিনি সুদে টাকা ধার চেয়েছিলেন। সেই সময় চায়ের দোকানে পরিচিত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকার বিনিময়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা পান। ওই ব্যক্তি নোটগুলি আসল বলে আশ্বাস দিয়েছিল। জাসমিন বিবির এই বক্তব্যের সত্যতা যাচাই করছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃত তিনজনকে বর্ধমান আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুজোর মুখে জাল নোট উদ্ধারের ঘটনায় বাজেপ্রতাপপুরে উদ্বেগ ছড়িয়েছে।