ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে টিকিটের কালোবাজারি ঘিরে বড়সড় বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সদস্য সতীশচন্দ্র শ্রীবাস্তব সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছিল। ধৃতদের মধ্যে সতীশের ছেলে আকর্ষিত শ্রীবাস্তবও রয়েছেন। বুধবার হায়দরাবাদে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার আগেই এই লজ্জাজনক ঘটনা ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে খবর, গত ১২ই অক্টোবর বেগমবাজারের এসডি মলের সামনে টিকিটের কালোবাজারির খবর আসে। এরপর সাব ইনস্পেক্টর জনার্দন নাইকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাত ৯টা নাগাদ অভিযান চালিয়ে অবিনাশ দারক ও মোহিত সোমানিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ক্রিকেট ম্যাচের পাস, নবরাত্রির ডান্ডিয়া অনুষ্ঠানের পাস, নগদ ৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি দু’চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়।
জেরায় দারক ও সোমানি জানিয়েছেন, আকর্ষিত শ্রীবাস্তব তাঁদের এই টিকিটগুলি বিক্রির জন্য দিয়েছিলেন। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে ৩৫০০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।








