ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: চতুর্থীর দিন ভয়াবহ পথ দুর্ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির ন্যাজাট এলাকা।
প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই টোটো যাত্রী। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার চরবেড়িয়া বয়ারমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই গাড়িতে সুকুমার মাহাত উপস্থিত ছিলেন না। দুটি টোটোর রেষারেষি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো বিধায়কের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপরই বিধায়কের গাড়িটি সোজা পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত জানিয়েছেন, তিনি নিহতদের পরিবারের পাশে আছেন এবং আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
২০২১ সালে এক লাখেরও বেশি ভোটে জিতে সন্দেশখালিতে তৃণমূলের পাল্লা ভারী করেছিলেন প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো। ২০২৪ সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ শাহজাহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর পেয়েছিল। তারপর সব ধামাচাপা পড়ে যায়, তা সত্ত্বেও ছাব্বিশের ভোটে সুকুমার মাহাতকে টিকিট দেয়নি তৃণমূল।
পালাবদলের বঙ্গে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ফের উঠে এল সুকুমার মাহাতোর নাম।








