ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে বুধবার এই মামলার শুনানি হয়। এর ফলে পুজোর মুখেই অভিনেতা সোহমের গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে, যা টলিউড ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছ।
বালুরঘাটের বাসিন্দা প্রযোজক তরুণ দাস গত জুন মাসে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তরুণ দাসের অভিযোগ, একটি সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহমের সংস্থা তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সিনেমা তৈরি হয়নি, এমনকি টাকাও ফেরত পাননি তিনি। প্রযোজকের দাবি, টাকা ফেরত চাইতে গেলে উলটে তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সোহমের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।
এই অভিযোগের প্রেক্ষিতেই সোহম চক্রবর্তী আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন যে, এটি একটি দেওয়ানি মামলা এবং এর সঙ্গে ফৌজদারি অপরাধের কোনও যোগ নেই। পাশাপাশি, তাঁদের মক্কেল তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানানো হয়।
তবে বুধবার আদালতের রায়ে সেই আবেদন নাকচ হয়ে গেল। উচ্চ আদালতের এই নির্দেশের পর আইনি বিশেষজ্ঞদের মতে, আগাম জামিন না পাওয়ায় এবার পুলিশ সোহমকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ নিতে পারে। এই পরিস্থিতিতে অভিনেতার পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, এবং তিনি আদৌ গ্রেপ্তার হন কিনা, সেদিকেই এখন সকলের নজর। এই রায় অভিনেতার কেরিয়ার এবং রাজনৈতিক ভাবমূর্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।








