ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর ২০২৬: পুজোর ঝলমলে পরিবেশে আনন্দ আর উৎসবের মাঝে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি।
আজকাল হৃদরোগ শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়, কম বয়সেও এর প্রকোপ বাড়ছে। বিশেষ করে উৎসবের মরসুমে, যখন ভিড়, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ বাড়ে, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই আচমকা বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বস্তি হলে তা গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাওয়া মারাত্মক ভুল হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা, যা ‘গোল্ডেন আওয়ার’ নামে পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক চিকিৎসা পেলে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। পিয়ারলেস হাসপাতালের ইমার্জেন্সি অ্যান্ড ট্রমাটোলজি সার্ভিসেস-এর প্রধান ডাঃ ইন্দ্রনীল দাশগুপ্তের মতে, কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। বুকে চাপ বা ব্যথা, যা অ্যান্টাসিড খেয়েও না কমলে সতর্ক হন। বাঁ হাতে বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়া, অস্বাভাবিক ক্লান্তি এবং অনিয়মিত হৃদস্পন্দনও হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও, শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের একটি অন্যতম উপসর্গ। যদিও দূষণ বা সিওপিডি-র কারণেও শ্বাসকষ্ট হতে পারে, তবে বুকে চাপ লাগার সঙ্গে শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
উৎসবের ভিড়ে সুস্থ থাকতে এই লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকা এবং কোনও রকম অস্বাভাবিকতা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া বুদ্ধিমানের কাজ।








