ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর আবহে বাঙালির আবেগ আর নস্টালজিয়াকে এক সুতোয় বেঁধে মহানায়ক উত্তমকুমারকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হল।
কলকাতার এক পুজো মণ্ডপে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার অভিনয় জীবন, বাংলা সিনেমায় তাঁর অসামান্য অবদান এবং শিল্পীদের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল উত্তম কুমারের অভিনীত বিভিন্ন বাংলা ছবির পুরনো পোস্টার এবং সেই সময়ের মুদ্রণশিল্পের ঐতিহ্যকে তুলে ধরা। কাঠের ব্লক, লেটারপ্রেস ও হাতে আঁকা পোস্টারের নকশার মাধ্যমে বাংলা সিনেমার প্রচারশিল্পের বিবর্তন দর্শনার্থীদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমারের বহু ছবির নায়িকা বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং ত্বক বিশেষজ্ঞ দ্বৈপায়িকা চক্রবর্তী। মাধবী মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “উত্তম কুমার শুধু অভিনয়েই নয়, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে পিছিয়ে পড়া শিল্পীদের পাশেও দাঁড়িয়েছিলেন। তাঁকে নিয়ে এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।” দ্বৈপায়িকা চক্রবর্তীও এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, “উত্তম কুমারের কাজ ও অবদান আজকের এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব।”
দুর্গাপুজোকে মাধ্যম করে মহানায়কের শিল্পীসত্তা ও মানবিক উত্তরাধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের বিশেষ তাৎপর্য। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণ এবং উত্তম কুমারের স্মৃতিকে জীবন্ত রাখার এক আন্তরিক প্রয়াস ধরা পড়েছে। এই উপস্থাপনা স্মৃতি, শিল্প ও বাঙালির নস্টালজিয়ার এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে, যা দর্শকদের কাছে এক ভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠেছে।








