নিউজিল্যান্ড ওয়ানডে দল থেকে যশস্বী জয়সওয়াল বাদ, ক্ষোভে ফেটে পড়লেন অশ্বিন

নিউজিল্যান্ড ওয়ানডে দল থেকে যশস্বী জয়সওয়াল বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও জয়সওয়ালকে সুযোগ না দেওয়াটা দুর্ভাগ্যজনক।

Share:

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর ২০২৬: শুক্রবার রাতে বহু প্রতীক্ষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই।

প্রথম তিন ওয়ানডের জন্য একরকম এবং শেষ দুই ম্যাচের জন্য অন্যরকম দল ঘোষণা করা হলেও, দুটি দলেই জায়গা পাননি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক চমকপ্রদ পারফরম্যান্স সত্ত্বেও তাঁর বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

এই দল ঘোষণার পরই প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে যশস্বী জয়সওয়ালের বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। অশ্বিন এটিকে ‘দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এত রান করার পরও কেন বারবার জয়সওয়ালকে ব্রাত্য রাখা হচ্ছে, তার কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে, টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুই ওয়ানডেতে যখন অধিনায়ক শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে, তখন অন্তত যশস্বীর সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করছেন এই অভিজ্ঞ স্পিনার।

অশ্বিনের এই মন্তব্যের পর নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জয়সওয়ালের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে বারবার উপেক্ষা করা দলের ভবিষ্যতের জন্য কতটা সঠিক, তা নিয়ে বিতর্ক দানা বাঁধছে।

একই সঙ্গে, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়াও তাঁর কেরিয়ারের সায়াহ্নকে ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলাতেও কোনো সুযোগ পাননি তিনি। তাই স্বাভাবিকভাবেই ২০২৭ বিশ্বকাপের দলে জাদেজার স্থান থাকা নিয়ে প্রশ্ন উঠছে।

বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েই দিয়েছেন, স্পিনার অলরাউন্ডার হিসাবে বিশ্বকাপের দৌড়ে এগিয়ে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। জাদেজাকে আর ভাবা হবে না। ফলে যা দাঁড়াল, তাতে হয়তো ভারতের ওয়ানডে জার্সিতে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে জাদেজার।