ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর ২০২৬: উত্তরবঙ্গের কার্শিয়াং বনবিভাগের ডাউহিলের সবুজ পাইন জঙ্গলে ফের দেখা মিলল এক বিরল মেলানিস্টিক হরিণের।
সম্প্রতি ট্রেকিং করার সময় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে এই কুচকুচে কালো হরিণ। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে এই প্রাণীর দেখা পেয়েছিলেন এবং সেটি ক্যামেরাবন্দি করেছিলেন।
প্রায় ১৬ বছর আগে দার্জিলিংয়ের সিঞ্চল জঙ্গলে শেষবার এমন বিরল প্রাণীর দেখা মিলেছিল। কয়েক মাসের ব্যবধানে ফের এই কালো হরিণের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত বন আধিকারিকরা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মেলানিজম নামক জিনগত পরিবর্তনের কারণে অতিরিক্ত কালো পিগমেন্টেশনের ফলে এদের গায়ের রং কুচকুচে কালো হয়। এদের মেলানিস্টিক হরিণ বলা হয়ে থাকে। প্রায় দশ লক্ষ স্বাভাবিক হরিণের মধ্যে মাত্র একটি হরিণের দেহে এমন বিরল পরিবর্তন দেখতে পাওয়া যায়।
পর্যটকের তোলা ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ডাউহিলের জঙ্গলে এই বিরল প্রাণীর এক ঝলক দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বন দফতর এই প্রাণীর সুরক্ষায় বিশেষ নজর রাখছে এবং পর্যটকদের বন্যপ্রাণী সুরক্ষার নিয়মাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।







