ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর থেকেই বিনোদন দুনিয়ায় তোলপাড় চলছে। মুম্বইয়ের জুহু এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে এই হামলার ঘটনায় অনুরাগীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সমাজমাধ্যমে টাইগারকে ঘিরে ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো খবর এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়ো ভিডিয়ো।
এই পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছে অভিনেতার টিম। টাইগার শ্রফের টিমের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, সাম্প্রতিক ঘটনা নিয়ে টাইগার নিজে কোনও বিবৃতি দেননি, বা কোনও ভিডিয়ো প্রকাশ করেননি। তাঁর নামে ছড়ানো ভুয়ো তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অভিনেতার বাবা জ্যাকি শ্রফও নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এই বিবৃতি শেয়ার করেছেন।
টাইগার শ্রফের ফ্যান ক্লাবের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু সমাজমাধ্যমের পেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে টাইগারের নাম ব্যবহার করে মনগড়া খবর, ভুয়ো এআই ভিডিয়ো এবং পরিকল্পিত বয়ান ছড়ানো হচ্ছে। এই ধরনের বিষয়বস্তু সম্পূর্ণ মিথ্যা, অনুমোদনহীন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি। টাইগারের সঙ্গে এই ধরনের ভুয়ো কনটেন্টের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
টিম আরও জানিয়েছে, শুধুমাত্র বেশি ভিউ, এনগেজমেন্ট বা আর্থিক লাভের আশায় যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সংবাদমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সমাজমাধ্যমের পেজগুলিকে বিরত থাকতে হবে। ভুয়ো প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।










