ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: নিরামিষ রান্নার দিনে কী রাঁধবেন, এই চিন্তা অনেকেরই থাকে। তবে এবার সেই চিন্তা দূর করতে হাজির এক অসাধারণ রেসিপি – মোচার চণকান্ন। এটি একটি প্রায় হারিয়ে যাওয়া বাঙালি পদ যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পদটি তৈরি করাও বেশ সহজ।
উপকরণ :
মোচার চণকান্ন বানাতে প্রয়োজন মোচা, গোবিন্দভোগ চাল, গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, মৌরি, জিরে গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি ও বাটা, কিসমিস এবং অবশ্যই ঘি ও সর্ষের তেল।
রান্নার পদ্ধতি :
প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এরপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। অন্য কড়াইতে জল গরম করে তাতে মোচা সেদ্ধ করে নিন। সেদ্ধ মোচা ঠান্ডা হলে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, গরম মশলা ও চিনি দিয়ে ভালো করে মেখে নিন। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও মৌরি ফোড়ন দিন। আদা কুচি দিয়ে ভেজে হলুদ, লঙ্কা গুঁড়ো, কিসমিস দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ মোচা দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। সবশেষে ভেজে রাখা চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে এলে এবং সুগন্ধ বেরোলে উপর থেকে কাঁচালঙ্কা, গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মোচার চণকান্ন।










