পুজোর আগে দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত, এসটিএফের হাতে গ্রেপ্তার চালক

পুজোর আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির মালিক রাকিবুল ইসলামকে। নাশকতার ছকের তদন্তে STF, NIA।

Share:

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি সাদা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার রাতে যশোহর রোডের ধার থেকে বেঙ্গল এসটিএফ এই গাড়িটি আটক করে। ঘটনায় গাড়ির মালিক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুজোর মরশুমে নাশকতার ছকের আশঙ্কা করছেন তদন্তকারীরা।সাদা রঙের ওই গাড়িতে বিস্ফোরক পাচারের গোপন খবর আগেই পেয়েছিল বেঙ্গল এসটিএফ। সেই তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে দত্তপুকুরের কাছে যশোহর রোডের ধারে পার্ক করা অবস্থায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয়।

তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি বিস্ফোরক এবং ১০ কেজি স্প্লিন্টারের অ্যামোনিয়া উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে বম্ব স্কোয়াড, এসটিএফ, এনআইএ এবং এনএসজির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে নেমে রাতেই দত্তপুকুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বিপুল বিস্ফোরক নিয়ে গাড়িটির কলকাতার দিকে যাওয়ার কথা ছিল। রাকিবুল আগে মেকানিকের কাজ করতেন এবং পরে মোটরবাইকের শোরুম খুলে ব্যবসা শুরু করেন। তাঁর চারটি শোরুম রয়েছে। কয়েক বছর আগে আমডাঙায় তাঁর একটি শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যশোহর রোডের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত হওয়ায় রাকিবুলের বাংলাদেশে যাতায়াত ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।

ধৃতকে বৃহস্পতিবার বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই বিপুল বিস্ফোরক কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বারাসতের পুলিশ সুপার এম মার্সি জানিয়েছেন, তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া বিস্ফোরকের ধরন পরীক্ষা করা হচ্ছে।