মন্দারমণিতে সমুদ্রে স্নানে মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেলেন ৬ বন্ধু, এখনও নিখোঁজ ২

মন্দারমণিতে সমুদ্রে স্নানে মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেলেন ৬ বন্ধু। ৪ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ২। তল্লাশি চলছে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর ২০২৬: পুজোর আমেজ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মন্দারমণি। বৃহস্পতিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন হাওড়ার ডোমজুড় থেকে আসা ৬ জন বন্ধু। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ৪ জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও, বাকি দু’জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধুর একটি দল মন্দারমণিতে ঘুরতে আসে, তারপর দুপুরে তাঁরা মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নামেন। সেই সময়েই আচমকা জলের টানে তাঁরা গভীরে তলিয়ে যেতে শুরু করেন। স্থানীয় নুলিয়া ও পর্যটকদের চিৎকারে দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, বাকি দু’জন গভীর জলের টানে ভেসে যান বলে অনুমান। প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দুই বন্ধুর খোঁজ না মেলায় তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে।

দিঘা-মন্দারমণির সমুদ্র সৈকতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও, অনেক পর্যটকই সেই সতর্কতা উপেক্ষা করে বিপদ ডেকে আনেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন পর্যটকদের আরও সতর্ক থাকার এবং সমুদ্রে স্নানের সময় নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান এখনও জোরকদমে চলছে।